‘রংপুরের ৪ খুনে অল্প সময়ে অপরাধী গ্রেপ্তার না হলে সুনাম ক্ষুণ্ণ হতো’

বাংলা টিভি ডেস্ক: রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্য হত্যার ঘটনায় দ্রুত অপরাধীদের গ্রেপ্তার না করা গেলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, রংপুরের মর্মান্তিক ঘটনা দেশের সবাইকে নাড়া দিয়েছে। অল্প সময়ের মধ্যে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে তিনি মনে করেন। একই সঙ্গে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বের করে এর পেছনে থাকা বিষয়গুলো নির্মূল করতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
দেশে আইনের শাসন আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়ে বিএনপির এই নেতা বলেন, অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। বর্তমান পরিস্থিতি থেকে দেশকে আরও এগিয়ে নিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়ে রিজভী বলেন, দেশের কোথাও মাদকের বিস্তার থাকা উচিত নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় না দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, তার নীতি ও শিক্ষা অনুসরণ করলে ব্যক্তি ও জাতীয় জীবনে সফলতা অর্জন সম্ভব। একই সঙ্গে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার পথও সুগম হবে।
বর্তমান সরকারের জবাবদিহিতার প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, সরকারের সব পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। মন্ত্রী ও সংসদ সদস্যরা গণমাধ্যম, জনগণ এবং তৃণমূলের মানুষের কাছে তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করছেন।



