বাংলাদেশসরকার

রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যাসহ সাম্প্রতিক সময়ে আলোচনায় আসা বিভিন্ন অপরাধের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দায়িত্ব নেওয়ার পর সংঘটিত অপরাধগুলোর ক্ষেত্রে পুলিশ যৌক্তিক সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এমন কোনো অপরাধের ঘটনা ঘটেনি, যার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এটিকে সরকারের অন্যতম অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।

রংপুরের সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার পর যৌক্তিক সময়ের মধ্যেই সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়েছে। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, রাতভর অভিযান চালিয়ে ওই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, ‘রামিসা হত্যা থেকে শুরু করে অনেক অপরাধের বিচার দ্রুত সম্পন্ন হয়েছে।’ সরকারের দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির আশ্বাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাতারাতি বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে ধীরে ধীরে এমন অবস্থানে নেওয়া হবে, যাতে তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে।

পুলিশ বাহিনীকে আরও শৃঙ্খলিত ও দক্ষ করে গড়ে তোলার কথা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা ও কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। তিনি বলেন, পুলিশকে এমন একটি বাহিনীতে পরিণত করা হবে, যা জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে সক্ষম হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button