শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী ‘গলাকাটা মোবারক’ গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে অস্ত্রসহ মোবারক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়ভাবে তিনি ‘গলাকাটা মোবারক’ নামে পরিচিত। পুলিশ বলছে, তিনি কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী।
মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাঞ্চননগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চননগর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা সন্ত্রাসীরা গুলি ছোড়ে বলে দাবি পুলিশের। পরে অভিযান চালিয়ে অস্ত্রসহ মোবারককে আটক করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান মোবারক নামে একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অভিযানের বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান তিনি।
গ্রেপ্তার মোবারকের বিরুদ্ধে কী ধরনের মামলা রয়েছে এবং তার কাছ থেকে ঠিক কোন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।



