বাংলাদেশ

ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লার বুড়িচংয়ে জাকির হোসেন (২৯) নামে এক যুবককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাই মো. শাকিল (৩২) ও কয়েকজন সহযোগীর বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার কাকিয়ারচর পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জাকির ওই এলাকার আইয়ুব আলীর ছেলে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতে জাকিরের মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়ার পরও তাকে হাসপাতালে নেওয়া হয়নি। এমনকি ঘটনার বিষয়টি গোপন রাখার চেষ্টাও করা হয়ে থাকতে পারে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিরোধ ও মাদকসংক্রান্ত বিষয় নিয়ে জাকিরের সঙ্গে তার বড় ভাই শাকিলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিলসহ কয়েকজন তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হয়ে জাকির অচেতন হয়ে পড়লেও তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়নি।

সন্ধ্যার দিকে স্থানীয় কয়েকজন বিষয়টি গ্রাম পুলিশ মোখলেসকে জানান। পরে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জাকিরের মরদেহ উদ্ধার করেন এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মরদেহ উদ্ধারের সময় জাকিরের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়। তার মাথার পেছনে ভোঁতা কোনো বস্তু দিয়ে আঘাতের চিহ্ন, দুই পায়ে ধারালো অস্ত্রের আঘাত এবং কপালের মাঝখানে কাটা জখম রয়েছে।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজীত বড়ুয়া বলেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button