বাংলাদেশ

অনলাইন জুয়ার ‘সুপার এজেন্ট’ আটক, কিনেছেন জমি-গাড়ি: র‍্যাব

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর শাহজাহানপুর থেকে অনলাইন জুয়ার আন্তর্জাতিক একাধিক সাইটের ‘অ্যাডমিন’ ও ‘সুপার এজেন্ট’ হিসেবে কাজ করার অভিযোগে অহিদুর রহমান (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৩।

র‍্যাবের দাবি, মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে তাকে আটক করা হয়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে মানুষকে অনলাইন জুয়ায় প্রলুব্ধ করতেন এবং এমএফএসের মাধ্যমে অর্থ সংগ্রহ করতেন। জুয়ার মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে জমি ও গাড়িসহ সম্পদ কেনার অভিযোগও রয়েছে।

র‍্যাব জানিয়েছে, অহিদুরের কাছ থেকে জব্দ করা হয়েছে—

দুটি স্মার্টফোন
এমএফএস অ্যাকাউন্টে থাকা ১ লাখ ৩১ হাজার টাকা
নগদ ১ লাখ ৫ হাজার টাকা
দুটি সিম কার্ড
একটি মোটরসাইকেল

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে নিষিদ্ধ আন্তর্জাতিক অনলাইন জুয়ার সাইট ব্যবহার ও প্রচারের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব। তার মোবাইলের মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের কথোপকথন পর্যালোচনা করে জুয়ার সাইট প্রচার এবং অবৈধ লেনদেনের তথ্য পাওয়ার দাবিও করেছে সংস্থাটি।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, অহিদুরের সঙ্গে আরও ১০ থেকে ১২ জন যুক্ত থাকতে পারেন। তারা এজেন্টদের মাধ্যমে গ্রাহক সংগ্রহ, জুয়ার সাইটের ভার্চুয়াল কারেন্সি বিক্রি এবং এমএফএসে টাকা লেনদেন করতেন।

অহিদুরের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।

সংশ্লিষ্ট খবর

Back to top button