বাংলাদেশ

শিশু হুমাইরার হার্টের অপারেশন করালেন ডেপুটি স্পিকার

বাংলা টিভি ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজুড়া ইউনিয়নের রামনগর গ্রামের দুই বছর ছয় মাস বয়সী শিশু হুমাইরা তাবাচ্ছুমের হৃদযন্ত্রের জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। চিকিৎসার ব্যয়ভার বহনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি স্পিকার নিজেই।

জানা গেছে, গত ১৭ আগস্ট একটি টিমের মাধ্যমে হুমাইরাকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়। সফল অস্ত্রোপচারের পর তাকে আইসিইউ ও সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বুধবার তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

হুমাইরা রামনগর গ্রামের সাগর হোসেন ও মনি আক্তার দম্পতির সন্তান। জন্মের পর থেকেই তার হৃদযন্ত্রে দুটি ছিদ্র ছিল। উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও পরিবারের আর্থিক সামর্থ্য সীমিত হওয়ায় এত ব্যয়বহুল চিকিৎসা করানো তাদের জন্য কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে শিশুটির চিকিৎসায় সহযোগিতা করেন ব্যারিস্টার কায়সার কামাল।

চিকিৎসকরা জানিয়েছেন, হুমাইরার অস্ত্রোপচারটি বেশ জটিল ছিল। তবে তা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে শিশুটি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

এদিকে হুমাইরার পরিবারের সদস্যরা তার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

চিকিৎসা সহায়তার বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ অব্যাহত থাকবে। সমাজের অসচ্ছল মানুষের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button