‘নেপালে ত্রাণ-উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ’

বাংলা টিভি ডেস্ক: নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় দেশটির পাশে থাকার কথা জানিয়েছে বাংলাদেশ। দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তুতি রয়েছে ঢাকার। বুধবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় বাংলাদেশের সরকার ও জনগণ গভীরভাবে শোকাহত। পরিস্থিতির ওপর বাংলাদেশ ঘনিষ্ঠভাবে নজর রাখছে। শত শত মানুষ নিখোঁজ রয়েছেন এবং পর্যটকসহ আরও অনেকের হতাহতের আশঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ও জনগণ এই সংকটময় সময়ে নেপাল সরকার এবং দেশটির জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে।
বিজ্ঞপ্তিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নিখোঁজদের দ্রুত উদ্ধারের পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
এদিকে, নেপালের প্রতি বাংলাদেশের সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্যোগ মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে কাঠমান্ডুকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।



