বাংলাদেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

বাংলা টিভি ডেস্ক: দ্রোহ, মানবতা ও সাম্যের চেতনার কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদর ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের এই অসামান্য প্রতিভা। দিবসটি উপলক্ষে নজরুল ইনস্টিটিউট, নজরুল একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে।

১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী পরিবারে জন্মগ্রহণ করেন নজরুল ইসলাম। ছোটবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেড়ে উঠলেও প্রতিকূলতার কাছে কখনো হার মানেননি তিনি। নিজের সৃষ্টিশীল প্রতিভায় বাংলা সাহিত্য ও সংগীতে যোগ করেছেন অসংখ্য কালজয়ী রচনা। কবিতা, গান, গজল, হামদ-নাত, নাটক ও শ্যামাসংগীতসহ সাহিত্যের নানা শাখায় রেখেছেন অনন্য অবদান।

মাত্র ২৩ বছরের সৃষ্টিশীল জীবনে নজরুল বাংলা ভাষা ও সাহিত্যকে দিয়েছেন অসংখ্য স্মরণীয় সৃষ্টি। তার কবিতা ও গান মানুষের মধ্যে জাগিয়েছে প্রতিবাদ, স্বাধীনতা ও মানবমুক্তির আকাঙ্ক্ষা। শোষণ-বঞ্চনার বিরুদ্ধে তিনি যেমন কলম ধরেছেন, তেমনি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামেও যুক্ত হয়েছেন। তার বহুল উদ্ধৃত পঙ্‌ক্তি—‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য’—তার সৃষ্টির দুই বৈশিষ্ট্যকেই তুলে ধরে।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ২৪ মে ভারত সরকারের অনুমতি নিয়ে সপরিবারে কবিকে বাংলাদেশে আনা হয়। তাকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় এবং ঢাকার ধানমন্ডিতে রাষ্ট্রীয়ভাবে বসবাসের ব্যবস্থা করা হয়। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান করে। ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার তাকে নাগরিকত্ব দেয় এবং একই বছর একুশে পদকে ভূষিত করে।

নানা কর্মসূচি

জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দুই দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজনটির উদ্বোধন হবে। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘আমারে দেবো না ভুলিতে…’ শিরোনামের এই আয়োজনে নজরুলের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা ছাড়াও থাকবে গান ও নৃত্য পরিবেশনা।

এদিকে নজরুল একাডেমি আয়োজন করেছে তিন দিনব্যাপী কর্মসূচি। আজ সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসংলগ্ন জাতীয় কবির সমাধিতে ফাতেহা পাঠ ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। বাদ জোহর কবির সমাধিসংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হবে মিলাদ মাহফিল।

আগামীকাল বিকেল সাড়ে ৫টায় মগবাজারের বেলালাবাদ কলোনিতে নজরুল একাডেমির ‘কাজী নজরুল ইসলাম মিলনায়তনে’ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৯ আগস্ট বিকেল সাড়ে ৫টায় একই স্থানে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী এই আয়োজনের সমাপনী অনুষ্ঠান।

সংশ্লিষ্ট খবর

Back to top button