‘মক্কা প্যাক্টে বাংলাদেশ যোগ দিলে কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই’

বাংলা টিভি ডেস্ক: মক্কা ডিফেন্স প্যাক্টে বাংলাদেশের যোগদানের বিষয়টি দেশের একান্ত নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন,“দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনও সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই।”
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি লেখেন, দেশ ও জাতির স্বার্থে বাংলাদেশ যে কোনো সিদ্ধান্ত স্বাধীনভাবে নিতে পারে।
সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দিতে পারে—এমন আলোচনা চলছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও নানা মতামত দেখা যাচ্ছে।
এর আগে সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব ও আগ্রহ প্রকাশ করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অগ্রগতি বা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
গত ৭ আগস্ট মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় তিন দেশের যেকোনো একটি দেশ সামরিক হামলার শিকার হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করার কথা রয়েছে।



