বাংলাদেশ

বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে টিসি

বাংলা টিভি ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিবাহিত শিক্ষার্থীদের আবেদন না করার নির্দেশ দিয়েছে রাজধানীর হলি ক্রস কলেজ। পাশাপাশি কলেজে পড়ার সময় কোনো শিক্ষার্থী বিয়ে করলে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সেশন চলাকালে কোনো শিক্ষার্থীর বিয়ে হলে তার ভর্তি বাতিল করে টিসি দেওয়া হবে। একই সঙ্গে নিয়মিত ও ব্যবহারিক ক্লাসে উপস্থিতি, কলেজের নির্ধারিত পোশাক পরা, শরীরচর্চা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

এ ছাড়া কলেজ ক্যাম্পাসে মোবাইল ফোন আনা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এসব নিয়ম বা শর্তে কোনো শিক্ষার্থীর আপত্তি থাকলে তাকে আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমতি নিয়ে নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করবে হলি ক্রস কলেজ। এসএসসি পরীক্ষার ফলাফল এবং লিখিত সিলেকশন টেস্টের ফলের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

বিজ্ঞান বিভাগে আবেদনের জন্য এসএসসিতে জিপিএ-৫ থাকতে হবে। পাশাপাশি উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয়ও থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদনের জন্য জিপিএ ৪ থেকে ৫ এবং মানবিক বিভাগে জিপিএ ৩ থেকে ৫ নির্ধারণ করা হয়েছে।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট যোগ্যতা। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ ৪ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা মানবিক বিভাগে আবেদন করতে পারবে। আর বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪ দশমিক ২৫ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

আগামী ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। আবেদনকারীদের পরবর্তী সময়ে কলেজের সিলেকশন টেস্টে অংশ নিতে হবে।

মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সিলেকশন টেস্ট অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা হবে ১১ সেপ্টেম্বর। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৫ সেপ্টেম্বর দুপুর ১টার পর।

কলেজটিতে বিজ্ঞান বিভাগে ৭৮০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৮০টি এবং মানবিক বিভাগে ২৭০টি আসন রয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে অনলাইনে ভর্তি ফি পরিশোধ করে ভর্তি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে ভর্তি বাতিল হয়ে যাবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button