বাংলাদেশ

বাংলাদেশিদের মান্দারিন ভাষা শেখাবে চীন: মীর শাহে আলম

বাংলা টিভি ডেস্ক: বিদেশের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির সুযোগ বাড়াতে মান্দারিন ভাষা প্রশিক্ষণে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। এ লক্ষ্যে চীনের বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে দক্ষতা উন্নয়নের পাশাপাশি কর্মীদের মান্দারিন ভাষায় প্রশিক্ষণ দেবেন। এ কার্যক্রমে বাংলাদেশ সরকারের কোনো অর্থ ব্যয় হবে না বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, বাংলাদেশের দক্ষ কর্মীদের আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে তুলতে মান্দারিন ভাষা শেখানোর বিষয়ে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে। চীন ইতোমধ্যে এ বিষয়ে সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। চীনা বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন।

তিনি জানান, এই প্রশিক্ষণের জন্য বাংলাদেশ সরকারের কোনো অর্থ ব্যয় হবে না।

বৈঠকে মোংলা বন্দরের উন্নয়ন নিয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী বলেন, বন্দরটির আধুনিকায়ন ও উন্নয়নে চীন আগ্রহ দেখিয়েছে। দ্রুত এ বিষয়ে কাজ শুরু করার ব্যাপারেও দেশটির পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছে।

এ ছাড়া মোংলা ও চট্টগ্রাম বন্দরের মধ্যে যোগাযোগব্যবস্থা আরও কার্যকর করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর, চীনা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক এবং চট্টগ্রামে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধনের বিষয়গুলোও আলোচনায় আসে।

বাংলাদেশ ও চীনের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক চাপের সময়ে চীন থেকে যতটা সম্ভব বিনিয়োগ ও সহযোগিতা নেওয়া সরকারের অন্যতম লক্ষ্য।

বৈঠকে চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চল, দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক এবং রাজনৈতিক যোগাযোগ বাড়ানোর বিষয়ও উঠে আসে। চীনের রাজনৈতিক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর এবং বিএনপির একটি প্রতিনিধিদলের চীন সফরের মাধ্যমে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক আরও গভীর করার আগ্রহের কথাও বৈঠকে জানানো হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button