বাংলাদেশ

বৈদ্যুতিক টাওয়ারে ৪ ঘণ্টা ধরে বসেছিল যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক টাওয়ারের একেবারে চূড়ায় প্রায় চার ঘণ্টা বসে ছিলেন এক যুবক। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের দীর্ঘ প্রচেষ্টায় তাকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার পূর্ব ভূজপুর থানার ফকিরহাট এলাকায় জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ার থেকে ওই যুবককে উদ্ধার করা হয়। তার নাম তানজিব (২৫)। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় এক থেকে দুই মাস আগে পরিবারের সঙ্গে ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে এসেছিলেন তানজিব। সেখানে কোনো এক সময় পরিবারের সদস্যদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজ করেও তাকে না পেয়ে পরিবারের সদস্যরা নিজ এলাকায় ফিরে যান।

বৃহস্পতিবার স্থানীয়রা হঠাৎ দেখতে পান, তানজিব জাতীয় গ্রিডের একটি উচ্চ ভোল্টেজের টাওয়ারের একেবারে ওপরের দিকে বসে আছেন। এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় তাকে দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

স্থানীয় বাসিন্দা মো. ইশতিয়াক জানান, ওই যুবককে কেউ চিনতেন না এবং তিনি স্থানীয় বাসিন্দাও নন। টাওয়ারের ওপর তার ঝুঁকিপূর্ণ অবস্থান দেখে দ্রুত জরুরি সেবায় খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে নিরাপদে নিচে নামিয়ে আনেন।

ফটিকছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মো. কামাল উদ্দীন বলেন, খবর পাওয়ার পরপরই একটি দল ঘটনাস্থলে যায়। দীর্ঘ চেষ্টার পর যুবককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। তবে তিনি কীভাবে এবং কেন এত উচ্চ ভোল্টেজের টাওয়ারে উঠেছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তার আচরণ ও শারীরিক অবস্থা দেখে তাকে মানসিকভাবে ভারসাম্যহীন বলে মনে হয়েছে বলে জানান তিনি।

উদ্ধারের পর তানজিবকে ভূজপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।

ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, যুবকের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরিবারের সন্ধান পাওয়া গেলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button