দেশবাংলা

কুমিল্লার পোম্বাইশে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: কুমিল্লার বরুড়া উপজেলার পোম্বাইশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ‘সবুজ হোক পরিবেশ, মাদকমুক্ত হোক সমাজ’—এই প্রতিপাদ্য সামনে রেখে পরিবেশ রক্ষা ও সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে পোম্বাইশ ফ্রেন্ডস সোসাইটি এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা ও বরুড়া প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান জনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি ছিলেন বরুড়ার সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এবং ১২নং আড্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর উল্লাহ চৌধুরী।

এ ছাড়া পোম্বাইশ ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা মোক্তার হোসেন ও এনামুল হক, সভাপতি নজরুল ইসলাম নাঈম, সাধারণ সম্পাদক আবু হুজাইফ (সায়েম), অর্থ সম্পাদক বিল্লাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান সোহেল সবুজ এবং সংগঠনের সদস্য মাহিন, আশিক ও সোহেল রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর পাশাপাশি এর যথাযথ পরিচর্যার প্রতিও গুরুত্ব দেন তারা।

মাদকের ভয়াবহতা তুলে ধরে বক্তারা আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, একটি পরিবার ও পুরো সমাজকে বিপর্যস্ত করে তোলে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তরুণ সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় তরুণদের মাদক থেকে দূরে থেকে খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদক কারবার ও সেবনের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার অনুরোধ জানান বক্তারা।

আলোচনা শেষে অতিথিবৃন্দ ও পোম্বাইশ ফ্রেন্ডস সোসাইটির সদস্যরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

উল্লেখ্য, ২০১৬ সালে যাত্রা শুরু করা পোম্বাইশ ফ্রেন্ডস সোসাইটি প্রতিষ্ঠার পর থেকেই সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা, শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং পরিবেশ সংরক্ষণসহ নানা মানবিক ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তরুণ সমাজকে ইতিবাচক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button