কলাবাগান থেকে স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে আবু সালেম নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার সাপগাছি-হাতিয়াদহ এলাকার একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবু সালেম উপজেলার কাটাখালী বালুয়াহাট এলাকার ইউনিক ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে কলাবাগানের একটি গাছের সঙ্গে এক ব্যক্তির ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শন করেন গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান। এ সময় তিনি ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, স্কুলশিক্ষক আবু সালেমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরো বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এদিকে, শিক্ষক আবু সালেমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রিয় শিক্ষকের আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন।



