মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার আসামি গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে একাধিকবার বলাৎকারের অভিযোগে করা মামলার প্রধান আসামি সানজু বকশীকে (৪৭) গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
এর আগে গতবৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সানজু বকশী সুন্দরগঞ্জ উপজেলার তালুক ফলগাছা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
র্যাব জানান, ভুক্তভোগী ওই শিশু স্থানীয় বকশীপাড়া হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। অভিযুক্ত সানজু বকশী শিশুটির প্রতিবেশী। গত ৯ মে বাড়ি পাহারা দেওয়ার কথা বলে মাদ্রাসার শিক্ষকের অনুমতি নিয়ে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার পর তাকে বলাৎকার করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। এ সময় বিষয়টি কাউকে জানালে শিশুটির পরিবারকে ক্ষতি করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে গত ১৪ জুন মাদ্রাসায় সবার অগোচরে প্রবেশ করে শিশুটিকে আবারও বলাৎকার করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ ২৫ জুন বিকেলে মাদ্রাসার শিক্ষক না থাকার সুযোগে শিশুটিকে একটি কক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে সে চিৎকার দেয়। এ সময় মাদ্রাসার এক শিক্ষক সেখানে প্রবেশ করলে অভিযুক্ত সানজু বকশী পালিয়ে যায় বলে মামলার এজাহারে বলা হয়েছে।
এ ঘটনায় শিশুটির বাবা আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে মামলাটি সুন্দরগঞ্জ থানায় রেকর্ড করা হয়। মামলার নম্বর ৩৩। মামলা হওয়ার পর থেকেই প্রধান আসামি আত্মগোপনে ছিলেন।
র্যাব-১৩ জানায়, মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ২৭ আগস্ট রাত ১০টা ৪৫ মিনিটে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প ও র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের যৌথ দল টাঙ্গাইল সদর থানার গড়াশিন বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে সানজু বকশীকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।’



