বাংলাদেশ

শিক্ষিকা রনজিলা হত‍্যা: সন্দেহভাজন ছিনতাইকারী ও সহযোগী গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় স্কুলশিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান সন্দেহভাজন মো. পনি ওরফে ‘প্যারা পনি’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। এ সময় তার এক সহযোগীকেও আটক করা হয়েছে। একই সঙ্গে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র‌্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। ব্রিফিংয়ে র‌্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বক্তব্য দেবেন।

এর আগে চোখের চিকিৎসা করাতে স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন প্রধান শিক্ষক রনজিলা পারভীন। রাজধানীর সংসদ ভবন এলাকায় রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

ছিনতাইকারীরা ব্যাগে টান দিলে রনজিলা রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে তাকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে র‌্যাব-২ মূল সন্দেহভাজন পনি ওরফে প্যারা পনিসহ দুজনকে গ্রেপ্তার করে।

ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করার কথাও জানিয়েছে র‌্যাব। সংবাদ ব্রিফিংয়ে গ্রেপ্তারদের পরিচয়, ঘটনার বিস্তারিত এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button