মাদকাসক্ত ছেলের হাতে ভ্যানচালক বাবা খুন

টাঙ্গাইল প্রতিনিধি (ডিজিটাল): টাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন বাবা আব্দুর রহিম ভূইয়া (৫৫)। তিনি পেশায় একজন ভ্যানচালক।
রোববার ( ৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, মোস্তফা মাদকাসক্ত। প্রায় ছয় মাস আগে দেলদুয়ার উপজেলার লাউহাটি এলাকায় তার বিয়ে হয়। বিয়ের পর স্ত্রীকে প্রায়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। নির্যাতন সহ্য করতে না পেরে সম্প্রতি তার স্ত্রী বাবার বাড়ি চলে যান বলে স্থানীয়রা জানান।
স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল কদ্দুস জানান, মোস্তফা মাদকাসক্ত। পাশাপাশি তার মানসিক সমস্যাও রয়েছে বলে স্থানীয়ভাবে জানা যায়। টাকা-পয়সা নিয়ে বাবার সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, ভ্যানচালক আব্দুর রহিম ভূইয়াকে তার ছেলে মোস্তফা ভূইয়া শীলপাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর মোস্তফা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



