বাংলাদেশ

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বাংলা টিভি ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে সোহাগ মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ মিয়া (২০) ওই সীমান্ত এলাকার শফিক মিয়ার ছেলে।

নিহতের চাচা আব্দুল কাদিরের দাবি, প্রতিদিনের মতো রোববার সকালে সোহাগ সীমান্ত এলাকায় গরু ছড়াতে যান। এ সময় বিএসএফ সদস্যরা অতর্কিতভাবে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলির পর সোহাগের কোনো খোঁজ না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে সীমান্ত এলাকায় তাকে পড়ে থাকতে দেখেন স্বজনরা। তিনিসহ কয়েকজন তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজাম মুনিরা পরীক্ষা-নিরীক্ষা করে সোহাগকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ওসি মো. সাইফুল ইসলাম যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এদিকে ঘটনার বিষয়ে হবিগঞ্জ ৫৫ বিজিবির বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কেউ কল ধরেননি। পরে হোয়াটসঅ্যাপে খুদেবার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।

ঘটনার পর সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button