শেষ কর্মদিবসের দিন কফিনে করে বিদ্যালয়ে এলেন প্রধান শিক্ষক

বাংলা টিভি ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জে কর্মস্থল থেকে আনুষ্ঠানিক বিদায় নেওয়ার আগেই না ফেরার দেশে চলে গেলেন প্রধান শিক্ষক তপন কুমার সাহা (৫৯)। সহকর্মীরা তার বিদায়ী সংবর্ধনার আয়োজন করে ক্রেস্টও প্রস্তুত করেছিলেন। কিন্তু সেই আয়োজনের মঞ্চেই জীবিত অবস্থায় বিদায় নেওয়ার বদলে কফিনে করে ফিরতে হলো তাকে।
রোববার রাত ৩টার দিকে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তপন কুমার সাহা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।
তিনি বলেন, রোববার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তপন কুমার সাহার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে শিক্ষা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
তপন কুমার সাহা হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার স্থায়ী বসবাস ছিল চাঁদপুর শহরে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার (৩১ আগস্ট) ছিল তপন কুমার সাহার কর্মস্থলে শেষ কর্মদিবস। এ উপলক্ষে সহকর্মীরা দুপুরে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর প্রস্তুতি নেন। তার জন্য বিদায়ী সংবর্ধনার আয়োজনের পাশাপাশি একটি ক্রেস্টও তৈরি করা হয়েছিল।
কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই আসে তার মৃত্যুর খবর। রোববার রাত ৩টার দিকে চাঁদপুর শহরের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
সহকর্মী তানজিলা আক্তার বলেন, হাসপাতালে নেওয়ার সুযোগও পাওয়া যায়নি। বিদায় অনুষ্ঠান ও ক্রেস্ট দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ করা হয়েছিল। কিন্তু ভোরে ফোনে জানতে পারেন, রাতে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে স্যার মারা গেছেন।
হাজীগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাবেয়া আক্তার বলেন, তপন কুমার সাহার বিদায়ী অনুষ্ঠানে তার অতিথি হিসেবে থাকার কথা ছিল। সোমবারই ওই বিদ্যালয়ে তার শেষ কর্মদিবস ছিল। সহকর্মীরা তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর সব প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে কর্মস্থল থেকে চিরবিদায় জানাতে হয়েছে।
প্রধান শিক্ষক তপন কুমার সাহার এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেছেন।



