বাংলাদেশ

নামাজে যাওয়ার পথে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আব্দুল মান্নান (৬২) নামের এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মোজাম্মেল (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের ভাষ্য, বিয়ের বিষয়কে কেন্দ্র করে আব্দুল মান্নানের এক চাচাতো ভাইয়ের সঙ্গে মোজাম্মেলের বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার এ বিরোধের জেরে বাজারে মোজাম্মেল হুমকি দিলে আব্দুল মান্নান এর প্রতিবাদ করেন। এ সময় দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এগিয়ে এসে বিষয়টি মীমাংসা করে দেন।

স্বজনদের অভিযোগ, হাতাহাতির ঘটনার পর ক্ষুব্ধ হয়ে মোজাম্মেল প্রতিশোধ নিতে আব্দুল মান্নানের ওপর হামলা করেন। এশার নামাজ আদায় করতে যাওয়ার সময় অন্ধকার একটি স্থানে তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

গুরুতর আহত অবস্থায় আব্দুল মান্নানকে প্রথমে রাউজানের পাহাড়তলী এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

নিহতের ছেলে মো. মুন্না ও পরিবারের সদস্যরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেফতারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button