বাংলাদেশ

‘জ্ঞান ফেরার পর থেকে মির্জা আব্বাস দেশে ফেরার জন্য অস্থির হয়ে আছে’

বাংলা টিভি ডেস্ক: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তাকে বহনকারী বিমানটি রাত ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বুধবার মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করার সময় উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার বিষয়ে তার স্ত্রী আফরোজা আব্বাস বলেন, জ্ঞান ফেরার পর থেকেই দেশে ফেরার জন্য তিনি উদগ্রীব ছিলেন। নিজের বাড়ি ও দেশকে খুব মনে পড়ছিল তার।

তিনি জানান, অসুস্থ হওয়ার পর মির্জা আব্বাসকে অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় দেড় মাস চিকিৎসাধীন থাকার পর তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। সেখানে তার নিউরো-সংক্রান্ত সমস্যার উন্নতি হলেও পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন চালিয়ে যেতে হয়।

আফরোজা আব্বাস বলেন, মির্জা আব্বাস এখন লাঠির সাহায্যে হাঁটতে পারেন। তবে এখনো পুরোপুরি কোনো ধরনের সহায়তা ছাড়া স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না। দেশবাসীর দোয়া ও আল্লাহর রহমতে তিনি জীবন ফিরে পেয়েছেন এবং ধীরে ধীরে তার শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে।

তিনি বলেন, জ্ঞান ফেরার পর থেকেই মির্জা আব্বাস বারবার দেশে ফেরার কথা বলছিলেন। বাড়ি ও দেশকে তিনি খুব মিস করছিলেন। এমনকি দেশে ফেরার তাড়নায় ফিজিওথেরাপি করতেও অনীহা দেখাতেন।

আফরোজা আব্বাস জানান, চিকিৎসকরাও বিষয়টি বিবেচনা করে তাকে দেশে নিয়ে যাওয়ার অনুমতি দেন। তবে দেশে ফেরার পরও নিয়মিত ফিজিওথেরাপি ও ব্যায়াম চালিয়ে যেতে হবে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, স্বাভাবিকভাবে চলাফেরার সক্ষমতা ফিরে পেতে তাকে দীর্ঘ সময় ধরে নিয়মিত ব্যায়াম করতে হবে। এ ধরনের পুনর্বাসন প্রক্রিয়া অন্তত দুই বছর চালিয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে। মাঝপথে ব্যায়াম বন্ধ করে দিলে তার সুস্থ হওয়ার অগ্রগতি কিছুটা পিছিয়ে যেতে পারে বলেও জানান তিনি।

আফরোজা আব্বাস বলেন, বর্তমানে মির্জা আব্বাস মোটামুটি নিজের প্রয়োজনীয় কাজ নিজেই করতে পারছেন এবং লাঠির সাহায্যে হাঁটাচলাও করতে পারছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button