প্রেমিকের ব্যবসার জন্য চার লাখ টাকা দাবি, স্ত্রীর বিরুদ্ধে যৌতুক মামলা

বাংলা টিভি ডেস্ক: স্ত্রীর কথিত প্রেমিকের ব্যবসার জন্য চার লাখ টাকা যৌতুক দাবি এবং সেই টাকা দিতে অস্বীকৃতি জানানোয় শারীরিক নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ফার্মেসি ব্যবসায়ী।
বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হকের আদালতে মামলার আবেদন করেন কদমতলী থানার মুরাদপুর এলাকার বাসিন্দা মো. শামীম মিয়া। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি তদন্তের জন্য কদমতলী থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম সবুজ।
আইনজীবী বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় শামীম মিয়া তার স্ত্রী ফাতেমা তুজ জহুরা, স্ত্রীর কথিত প্রেমিক শেখ মো. ইমাম হোসাইন এবং শাশুড়ি শাহানাজকে আসামি করেছেন। যৌতুক নিরোধ আইনে করা মামলাটির অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার অভিযোগে শামীম উল্লেখ করেন, ২০১৬ সালের ১৫ ডিসেম্বর পারিবারিকভাবে ফাতেমা তুজ জহুরার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তিনি জানতে পারেন, তার স্ত্রী বিয়ের আগে ইমাম হোসাইনের সঙ্গে সম্পর্কে ছিলেন এবং বিয়ের পরও তার সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন।
শামীম পেশায় ফার্মেসি ব্যবসায়ী। অভিযোগে বলা হয়, ব্যবসা থেকে সঞ্চয় করা টাকা তিনি বাসায় রাখতেন। বিভিন্ন সময়ে তার স্ত্রী ওই টাকা থেকে ইমাম হোসাইন ও তার মাকে অর্থ দিতেন বলে অভিযোগ করেছেন তিনি।
মামলার নথিতে আরও বলা হয়, টাকা সরিয়ে নেওয়ার বিষয়টি বন্ধ করতে চাইলে স্ত্রী বৈবাহিক সম্পর্ক বজায় রাখার জন্য বিভিন্ন শর্ত দিতে থাকেন এবং নানা অজুহাতে তার কাছ থেকে অর্থ নেন। এভাবে গত দুই বছরে প্রায় চার লাখ টাকা নেওয়া হয় বলে অভিযোগ করেন শামীম।
পরে জমানো টাকা ফেরত চাইলে স্ত্রী ওই অর্থ ইমাম হোসাইন ও তার মায়ের কাছে দেওয়ার কথা স্বীকার করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, সর্বশেষ গত ২০ আগস্ট রাতে স্ত্রী ফাতেমা তুজ জহুরা ও শাশুড়ি শাহানাজ, ইমাম হোসাইনের ব্যবসার কথা বলে শামীমের কাছে চার লাখ টাকা যৌতুক দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে গালিগালাজ করা হয়। একপর্যায়ে ধাক্কা দিয়ে খাটের ওপর ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন বাদী।
আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কদমতলী থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।



