বাংলাদেশ

৩৮ লাখ ঘুস নিয়ে নথি হস্তান্তর, পদোন্নতি আটকে স্বপদে বহাল কর কর্মকর্তা মিতু

বাংলা টিভি ডেস্ক: ৩৮ লাখ টাকা ঘুষের বিনিময়ে এক করদাতার আয়কর নথির গুরুত্বপূর্ণ কাগজপত্র হস্তান্তর ও নথিতে পরিবর্তন আনার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। তবে শাস্তি হিসেবে আগামী ৮ বছরের জন্য তার পদোন্নতি স্থগিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, কর অঞ্চল-৫, ঢাকার সার্কেল-৯৩-এ দায়িত্ব পালনকালে করদাতা সালাহ উদ্দিন আহমেদের কাছ থেকে ৩৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ ওঠে মিতুর বিরুদ্ধে।

অভিযোগ ছিল, অর্থের বিনিময়ে তিনি ওই করদাতার আয়কর নথির বিভিন্ন রেকর্ডে পরিবর্তন আনেন এবং নতুন কিছু নথি সংযুক্ত করেন। পরবর্তীতে পুরোনো আয়কর রিটার্ন, অর্ডার শিট, কর নির্ধারণী আদেশ, আপিল-ট্রাইব্যুনালের আদেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র করদাতার মনোনীত আইনজীবী ওবায়দুল হক সরকার এবং তার সহকারী সোহেলের কাছে হস্তান্তর করেন।

এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতিপরায়ণতার’ অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। তদন্ত শেষে ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হলেও ‘দুর্নীতিপরায়ণতার’ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়।

পরবর্তীতে তদন্ত প্রতিবেদন ও বিভাগীয় মামলার সার্বিক বিষয় পর্যালোচনা করে মিতুকে অসদাচরণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। অপরাধের গুরুত্ব বিবেচনায় তাকে লঘুদণ্ড হিসেবে আগামী ৮ বছরের জন্য পদোন্নতি থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয় এনবিআর।

একই সঙ্গে তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে। এর আগে ২০২৫ সালের ১ সেপ্টেম্বর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button