বাংলাদেশ

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

বাংলা টিভি ডেস্ক: এইচএসসি (আলিম) ২০২৬ সালের পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে শিক্ষার্থীদের দিয়ে খাতা দেখানোর অভিযোগ উঠেছে নরসিংদীর এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাধবদী উপজেলার গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিনকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, পরীক্ষকের দায়িত্বে থাকা শিক্ষক নিজে উত্তরপত্র মূল্যায়ন না করে তার ছাত্রকে দিয়ে খাতা দেখাচ্ছেন। পরে অনুসন্ধানে জানা যায়, ওই শিক্ষক আলিম ২০২৬ সালের পরীক্ষার উত্তরপত্র শিক্ষার্থীদের দিয়ে মূল্যায়ন করিয়েছেন।

বিষয়টি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নজরে এলে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক অভিযুক্ত শিক্ষক মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে মাধবদী থানায় মামলা করেন। পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০-এর আওতায় মামলাটি করা হয়েছে।

এদিকে উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে বিধিবহির্ভূত কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় নাসির উদ্দিনকে পরীক্ষকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সব ধরনের পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমে তাকে আজীবনের জন্য দায়িত্ব পালনের অযোগ্য ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button