সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি

সুনামগঞ্জ প্রতিনিধি( ডিজিটাল): সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার পর উপজেলার দামোধরদপী পয়েন্টে এ ঘটনা ঘটে।
পলাতক আসামির নাম আসির মিয়া (৩৫)। তিনি উপজেলার দামোধরদপী গ্রামের বাসিন্দা। তাকে গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে নেওয়ার সময় সুযোগ বুঝে দৌড়ে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দামোধরদপী পয়েন্টে অভিযান চালিয়ে একটি মামলার আসামি আসির মিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তার হাতে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশ হেফাজতে নেওয়ার সময় তিনি হঠাৎ দৌড়ে পালিয়ে যান। তখনও তার হাতে পুলিশের হাতকড়া লাগানো ছিল।
আসামি পালিয়ে যাওয়ার পর তাকে ধরতে শান্তিগঞ্জ থানা পুলিশের একাধিক দল বিভিন্ন এলাকায় অভিযান ও তল্লাশি চালাচ্ছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
দামোধরদপী গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য মো. আজির উদ্দিন জানান, পুলিশের অভিযান চলার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। একটি বিচার-শালিসে থাকার পর ঘটনাস্থলে এসে তিনি আসির মিয়ার পালিয়ে যাওয়ার বিষয়টি জানতে পারেন। তার ভাষ্য, আসামিকে আটকের সময় সেখানে হইচই শুরু হলে সেই সুযোগে সে পুলিশের হাতকড়াসহ পালিয়ে যায়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল্লাহ বলেন, পুলিশ হেফাজত থেকে একজন আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। এমন ঘটনা ঘটে থাকলে তা খতিয়ে দেখা হবে।



