২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: আগামী বছরের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। দুই পর্বের ইজতেমাই টঙ্গীর তুরাগ তীরে আয়োজন করা হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান, প্রথম পর্বে জুবায়েরপন্থী এবং দ্বিতীয় পর্বে সাদপন্থী অনুসারীরা ইজতেমায় অংশ নেবেন। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেই ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৮ জানুয়ারি শুক্রবার শুরু হবে প্রথম পর্বের ইজতেমা। তিন দিনব্যাপী এ পর্ব শেষ হবে ১০ জানুয়ারি রোববার।
এরপর ১৫ জানুয়ারি শুক্রবার শুরু হবে দ্বিতীয় পর্ব। সাদপন্থীদের অংশগ্রহণে এ পর্বও তিন দিন চলবে এবং ১৭ জানুয়ারি রোববার শেষ হবে।
এদিকে দ্বিতীয় পর্বে মাওলানা সাদের বাংলাদেশে আসার বিষয়টি ভিসা নীতিমালা অনুযায়ী ধর্ম মন্ত্রণালয় দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।



