বাংলাদেশ

বিদেশি অস্ত্রসহ ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাতটি হত্যা মামলাসহ ২৬ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সবুজ (৩২) ওরফে কালাই সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী এজাজুল হককেও (৩৪) একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ আটক করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে ঢাকা জেলার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সবুজ রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার কালাইয়ের ছেলে। তার সহযোগী এজাজুল হক একই উপজেলার ভুলতা এলাকার শাহাদাতের ছেলে।

পুলিশ জানায়, সবুজ দীর্ঘদিন ধরে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, সবুজ ওরফে কালাই সবুজের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় সাতটি হত্যা মামলাসহ মোট ২৬টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে একটি মামলায় তার যাবজ্জীবন সাজা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পরও তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পরে সবুজের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী এজাজুল হককে রূপগঞ্জের রূপসী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, বিদেশি অস্ত্রসহ কালাই সবুজ ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button