বাংলাদেশ

মা হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই সড়ক দুর্ঘটনায় বাবাকে হারাল দুই শিশু

বাংলা টিভি ডেস্ক: মায়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই সড়ক দুর্ঘটনায় বাবাকেও হারিয়েছে শরীয়তপুরের ১৩ বছরের মেঘা ও তার ৮ বছরের ছোট ভাই গোপাল। মাত্র এক মাসের ব্যবধানে মা-বাবা দুজনকে হারিয়ে এখন কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছে তারা।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরীয়তপুর শহরের ধানুকা স্টেডিয়ামের সামনে একটি মিনিবাসের ধাক্কায় গুরুতর আহত হন তাদের বাবা রতন পোদ্দার (৫৫)। পরে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রী মারা যাওয়ার পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন রতন। ঘটনার দিন সন্ধ্যায় সড়ক দিয়ে যাওয়ার সময় শরীয়তপুর আন্তজেলা বাসমালিক সমিতির একটি মিনিবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বাসটি চলে গেলেও স্থানীয়রা ধাওয়া করে চালকসহ সেটি আটক করেন।

আহত রতনকে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশে রওনা হলে পথেই তাঁর মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, প্রায় এক মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রতনের স্ত্রী। এরপর বাবাকেও হারিয়ে মেঘা ও গোপালের মাথার ওপর থেকে শেষ আশ্রয়টুকুও সরে গেল।

প্রতিবেশীরা বলছেন, এত অল্প বয়সে মা-বাবাকে হারানো দুই শিশুর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। তাদের নিরাপদ আশ্রয়, পড়াশোনা ও জীবনযাপনের দায়িত্ব নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ঘটনায় বাস ও চালককে আটক করা হয়েছে। ভুক্তভোগীর মৃত্যু হওয়ায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button