ব্যবসায়ীকে প্রকাশ্য পিটিয়ে হত্যা, আসামি গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

গাজীপুর (ডিজিটাল) প্রতিনিধি: একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হলেও আসামিদের কেউ গ্রেপ্তার হয়নি। এতে ক্ষোভে ফুঁসে উঠেছেন গাজীপুরের কালিয়াকৈরের ঠাকুরপাড়া এলাকার বাসিন্দারা। এ ঘটনার প্রায় এক দেড় মাস পেরিয়ে গেলেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় বিক্ষোভ করেছেন তারা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঠাকুরপাড়ায় মৌচাক-জামালাপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে প্রায় ১ ঘণ্টা আঞ্চলিক ওই সড়কে যানচলাচল বন্ধ থাকে।
নিহত মো. আজিবর রহমান উপজেলার ঠাকুরপাড়া এলাকার মারফত আলীর ছেলে। হত্যাকরীরা একই এলাকার শরিফ ও তার দুই ছেলে সাগর হোসেন ও সুমন।
এলাকাবাসীরা বলেন, একজন ভালো মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে, আসামিরাও চিহ্নিত তবুও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। কোন অদৃশ্য কারণে আসামিরা গ্রেপ্তার হচ্ছে না তা আমরা জানতে চাই। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে হবে। এই সন্ত্রাসীদের কারণে ৪টি পরিবার ধ্বংস হয়েছে।
নিহতের স্ত্রী নাসরিন আক্তার বলেন, আমার স্বামীকে তারা মেরে ফেলেছে। কিন্তু কেনো হত্যা করল সেটিও জানতে পারলাম না। শুনেছি আসামিরা এখনো এলাকাতেই অবস্থান নিয়ে রেখেছে। তবুও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। আমরা আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
এলাকাবাসী ও মামালা সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই রাতে উপজেলার ফটিকমার্কেট এলাকা থেকে অটোরিকশা যোগে নিজ বাড়ি ঠাকুরপাড়ায় ফেরার পথে চলন্ত অটোরিকশায় আজিবরের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় ধারালো দেশিয় অস্ত্র ও লোহার পাইপ দিয়ে সুমন, সাগর ও তাদের বাবা শরিফসহ কয়েকজন তাকে মারধর করে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেপিজে বিশেষায়িত হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। ওই হাসপাতালে আইসিইউতে থাকা অবস্থায় ১৯ আগস্ট ব্যবসায়ী আজিবরের মৃত্যু হয়। এ ঘটনায় আজিবরের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেছেন।
কালিয়াকৈরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আসামিরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।



