গ্রাম বাংলাদেশবাংলা

দৌলতপুরে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ও উৎসবমুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তন (অডিটোরিয়াম) প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে নারী, পুরুষ ও শিশুসহ সনাতন ধর্মাবলম্বীদের শত শত মানুষ অংশ নেন। অনেকে নানা ঐতিহ্যবাহী সাজে সেজে শোভাযাত্রায় অংশ নেন। এ সময় ভক্তদের আনন্দ-উচ্ছ্বাস ও ভক্তিমূলক স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি ও জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক নব কুমার দেবনাথের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ।

এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামীম রেজা মোল্লা।

আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শনের মূল শিক্ষা হলো সত্য, ন্যায়, মানবতা ও শান্তির প্রতিষ্ঠা। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজ থেকে অন্যায়, অবিচার ও অসহিষ্ণুতা দূর করে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের সভাপতি ও জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক নব কুমার দেবনাথ বলেন, শ্রীকৃষ্ণের আদর্শ ও মানবিক শিক্ষা অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করতে হবে। ধর্মীয় উৎসবের মাধ্যমে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অন্যায়, অবিচার ও অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্যই ধরাধামে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button