গ্রাম বাংলাদেশবাংলা

বকেয়া বেতন চাওয়ায় কর্মচারীকে ব্যবসায়ীর মারধর, অতঃপর…

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বকেয়া বেতন চাওয়ায় রেস্টুরেন্ট শেফ আল আমিনকে নৃশংসভাবে পিটিয়ে রক্তাক্ত ও মুমূর্ষু করার ঘটনা ঘটেছে। এ ঘটনার দায় এড়াতে অভিযুক্ত রেস্টুরেন্ট ব্যবসায়ী ইনজামামুল হোসেন পাপ্পু এক সংবাদ সম্মেলন করেছেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় শেফ আল আমিন বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, প্রাগপুর বাজারের “জ্যাকসারা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট”-এর মালিক পাপ্পুর বিরুদ্ধে কর্মচারীদের নিয়মিত পারিশ্রমিক না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ দীর্ঘদিনের। গত ৩০ আগস্ট ২৩ হাজার টাকা বকেয়া বেতন চাইতে গেলে শেফ আল আমিনকে কৌশলে নিজের বাড়িতে ডেকে নেন পাপ্পু। এরপর তাকে ঘরের ভেতর আটকে রেখে পাপ্পু ও তার সহযোগীরা মিলে দলবদ্ধভাবে বেধড়ক মারধর ও মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়।

এ ঘটনায় ভুক্তভোগী আল আমিন বাদী হয়ে প্রধান আসামি পাপ্পুসহ চারজনের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা করেন। মামলা ও স্থানীয়দের ক্ষোভ থেকে বাঁচতে বৃহস্পতিবার তড়িঘড়ি করে লোকদেখানো সংবাদ সম্মেলনের আয়োজন করেন অভিযুক্ত পাপ্পু। মূলধারার সংবাদকর্মীদের এড়িয়ে নামসর্বস্ব কিছু ব্যক্তি ও অনুসারীদের নিয়ে করা এই আয়োজনকে ‘নিজের অপরাধ ঢাকার অপচেষ্টা’ বলে আখ্যা দিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, প্রাগপুর বাজারের রেস্টুরেন্ট ব্যবসায়ী ইনজামামুল হোসেন পাপ্পুসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

এদিকে, মুমূর্ষু শেফ আল আমিনের দ্রুত সুস্থতা কামনা করে প্রধান অভিযুক্ত পাপ্পু ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার পরিবার এবং স্থানীয় সাধারণ মানুষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button