অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি

বাংলা টিভি ডেস্ক: যশোর কেন্দ্রীয় কারাগারের এক নারী হাজতি হাসপাতালে নেওয়ার সময় চলন্ত অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। গত ৪ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে যশোর-চৌগাছা সড়কের চুরামনকাটি এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।
কারা সূত্র জানায়, মহিলা হাজতি নং-৩৮০/২৬ বৃষ্টি খাতুন (১৯) উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ থেকে অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে চুরামনকাটি এলাকায় পৌঁছালে হঠাৎ তার প্রসববেদনা শুরু হয়। পরিস্থিতি দ্রুত জটিল হয়ে পড়লে চলন্ত অ্যাম্বুলেন্সেই তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন।
বিষয়টি জানার পর যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ দ্রুত মা ও নবজাতকের প্রয়োজনীয় চিকিৎসা ও সহযোগিতার ব্যবস্থা করে। শিশুটির জন্য জামাকাপড়, মশারি, বিছানাপত্র, তোয়ালে, ন্যাপকিন, ডায়পার ও অলিভ অয়েলসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়। একই সঙ্গে মা ও নবজাতককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং উপস্থিতদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ বলেন, কারা মহাপরিদর্শকের নির্দেশনা অনুযায়ী মানবিক দিক বিবেচনা করে মা ও নবজাতকের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে দুজনই সুস্থ আছেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নবজাতকের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।



