ধানাইপানাই না করে দ্রুত কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করুন: জামায়াত আমির

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লাকে দ্রুত বিভাগ করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ১৯৯৪ সালে সিলেট বিভাগ গঠনের সময় একইসঙ্গে কুমিল্লাকেও বিভাগ করার দাবি উঠেছিল। কিন্তু সিলেট বিভাগ হলেও কুমিল্লার দাবি বাস্তবায়ন হয়নি। তাই দীর্ঘদিনের এই দাবি নিয়ে আর কালক্ষেপণ না করে দ্রুত কুমিল্লা বিভাগ বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম লংমার্চের একটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, কুমিল্লা বিভাগ নিয়ে সরকারকে আর টালবাহানা না করে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে নোয়াখালীবাসীও বিভাগ দাবি করছে উল্লেখ করে তিনি বলেন, তাদের দাবিও বিবেচনা করা যেতে পারে। তবে ১৯৯৪ সাল থেকে চলে আসা কুমিল্লা বিভাগের দাবিটি আগে বাস্তবায়ন করা উচিত।
কুমিল্লার নামের সঙ্গে ঐতিহাসিক বিষয়কে যুক্ত করে বিভাগ গঠনে বিলম্ব করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, জেলার নাম নিয়ে বাড়াবাড়ি করা হলে তা সংশ্লিষ্ট জেলা ও বিভাগের মানুষের জন্য অপমানজনক হবে।
জামায়াত আমির বলেন, সরকার যখন বিভাগ দেওয়ার কথা বলেছে, তখন এর প্রশাসনিক কার্যক্রম দ্রুত শুরু করা দরকার। কুমিল্লা বিভাগ হলে এ অঞ্চলের মানুষের প্রশাসনিক কাজের জন্য চট্টগ্রামে ছুটতে হবে না। পাশাপাশি কুমিল্লায় বিমানবন্দর চালুর বিষয়টিও সম্ভাব্যতা যাচাই করে দেখার আহ্বান জানান তিনি। সবদিক বিবেচনায় উপযুক্ত হলে জনগণের জন্য বিমানবন্দরটি চালু করা যেতে পারে বলেও মন্তব্য করেন।
দেশের মাদক পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনের আগে সরকার জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কুমিল্লার পথসভা থেকেই তাদের কর্মসূচির সূচনা হয়েছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে লংমার্চ করা হবে এবং পরে ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশ শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং দাবি আদায়ের লক্ষ্যেই হবে বলে জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, তারা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং দুর্নীতি ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন। এসব দাবি আদায়ে জনতার বিজয় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ এবং খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



