বাংলাদেশ

নৌ-পুলিশ কর্মকর্তার অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল

বাংলা টিভি ডেস্ক: নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের এএসআই মান্নানের অস্বাভাবিক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে গানের তালে নাচতে এবং অসংলগ্ন কথাবার্তা বলতে দেখা যায়। এ ঘটনায় তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর খেয়াঘাট এলাকায় ঘটনাটি ঘটে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মধ্যে নানা ধরনের আলোচনা শুরু হয়। অনেকে ধারণা করেন, ওই পুলিশ কর্মকর্তা হয়তো নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।

তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এএসআই মান্নান মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তার আচরণের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

পুলিশ সূত্র জানায়, প্রায় ২০ দিন আগে এএসআই মান্নান নারায়ণগঞ্জ সদর নৌ থানায় যোগ দেন। এর আগে তিনি র‌্যাব-৩-এ কর্মরত ছিলেন। শুক্রবার দুপুরে তিনি সিলেটে থাকা স্ত্রীকে ভিডিও কল করে বিভিন্ন কথা বলেন এবং আত্মহত্যার কথা জানান। পরে মায়ের সঙ্গে কথা বলার পর তিনি শান্ত হন বলে জানা গেছে।

ঘটনার পর শনিবার তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পাশাপাশি বিষয়টি তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি রকিবুজ্জামানকে। সদস্য হিসেবে রয়েছেন এসআই ফারুক আহমেদ পাটোয়ারী।

নারায়ণগঞ্জ নৌ পুলিশের এএসপি আরিফুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এএসআই মান্নান নেশা করেছিলেন, নাকি মানসিক সমস্যার কারণে এমন আচরণ করেছেন—তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button