বাংলাদেশ

তালাবদ্ধ কক্ষে দম্পতির মরদেহ, এক মাস আগে ভাড়া বাসায় উঠেছিলেন তারা

বাংলা টিভি ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই কক্ষ থেকে ৭-৮ মাস বয়সী একটি মৃত ভ্রূণও উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন দিনাজপুরের নবাবপুর এলাকার বাসিন্দা আলমগীর হোসেন (৪০) ও তার স্ত্রী নাজমা বেগম (৩২)। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু মোতালেব তাদের পরিচয় নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর মালিকানাধীন একটি ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। প্রায় এক মাস আগে ওই বাসায় উঠেছিলেন আলমগীর ও নাজমা।

আলমগীর ভ্রাম্যমাণ পান বিক্রি করতেন। তার স্ত্রী নাজমা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তিনি ৭-৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মরদেহের পাশে তার গর্ভের মৃত ভ্রূণ পাওয়া যায়।

নাজমার বোন শাপনা বেগম জানান, ২০২২ সালে আলমগীরের সঙ্গে নাজমার বিয়ে হয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সর্বশেষ মোবাইল ফোনে বোনের সঙ্গে কথা হয়েছিল তার। এরপর আর যোগাযোগ হয়নি। শুক্রবার সকালে বোনের মৃত্যুর খবর পান তিনি।

পুলিশ জানায়, শুক্রবার ওই বাসার একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি বাড়ির মালিককে জানান অন্য ভাড়াটিয়ারা। পরে মালিক ও ভাড়াটিয়ারা দরজা ভেঙে ভেতরে তিনটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু মোতালেব জানান, মরদেহগুলো অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ কারণে শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button