বাংলাদেশপ্রধানমন্ত্রী

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশের যেকোনো সংকটময় সময়ে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতীতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নানা সংকট মোকাবিলা করা হয়েছে। বর্তমানে দেশের অন্যতম বড় সমস্যা জ্বালানি সংকট। বৈশ্বিক পরিস্থিতির কারণে এ সংকট তৈরি হলেও এর স্থায়ী সমাধানে সরকার মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দলের কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন।

তারেক রহমান বলেন, দেশের অতীত পরিস্থিতি থেকে জনগণ এখন অনেক কিছুই বুঝতে পেরেছে। একসময় মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল এবং দেশের অর্থনৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছিল। এ কারণেই পরবর্তী নির্বাচনে জনগণ বিএনপির প্রতি আস্থা রেখে সংখ্যাগরিষ্ঠ আসনে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর সরকার একটি দুর্বল অর্থনৈতিক কাঠামো পেয়েছে। এর মধ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানি ও বিদ্যুৎ সংকট আরও তীব্র হয়েছে। তবে এই সংকট দীর্ঘস্থায়ী হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ভবিষ্যতে যেন বাংলাদেশকে একই ধরনের সংকটের মুখোমুখি হতে না হয়, সে জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, বর্তমান সংকট মোকাবিলার পাশাপাশি ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেও সরকার কাজ করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button