বাংলাদেশ

সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের

বাংলা টিভি ডেস্ক: রাজবাড়ীর পাংশায় রেললাইনের ওপর থাকা তিন বছরের ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার একমাত্র সন্তান ইভান (৩) গুরুতর আহত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পাংশা উপজেলার মাছপাড়া রেলগেট এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরা খাতুন মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আজম প্রামাণিকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের রেললাইনের ওপর ছাতা হাতে বসে ছিল শিশু ইভান। হঠাৎ ট্রেন আসার শব্দ শুনতে পেয়ে ছেলেকে নিরাপদে সরিয়ে নিতে দ্রুত রেললাইনের দিকে ছুটে যান মনিরা।

এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। একই ঘটনায় শিশু ইভানও গুরুতর আহত হয়েছে।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মায়ের এমন মর্মান্তিক মৃত্যুতে নিহতের পরিবারে শোকের মাতম চলছে। একই সঙ্গে ঘটনাটি ঘিরে স্থানীয় এলাকাতেও নেমে এসেছে শোকের ছায়া।

সংশ্লিষ্ট খবর

Back to top button