বাংলাদেশ

পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: দিনাজপুরের বিরল পৌরশহরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে মো. আব্দুস সাত্তার (৬১) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ওই শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আব্দুস সাত্তার বিরল পৌরশহরের শংকরপুর (ডাঙ্গাপাড়া) এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী শারীরিক প্রতিবন্ধী। বিয়ের প্রায় এক মাস পর থেকেই তার শ্বশুর তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি। প্রস্তাবে রাজি না হওয়ায় প্রায় চার মাস আগে একদিন এবং পরবর্তী সময়ে আরও দুই দফা তাকে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ১৫ জুলাই রাতে খাবার খেয়ে গৃহবধূ স্বামীর কক্ষে ঘুমাতে যান। রাত আনুমানিক ১১টার দিকে তার শ্বশুর ওই কক্ষে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী নিজে বাদী হয়ে ৪ সেপ্টেম্বর রাতে বিরল থানায় মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে আব্দুস সাত্তারকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল এমরান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর গ্রেফতার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button