গ্রাম বাংলাদেশবাংলা

দালালদের ফাঁদে প্রাণ গেল যুবকের, ৩১ লাখ টাকা হারিয়ে সন্তানের অপেক্ষায় মা

মাদারীপুর প্রতিনিধি: বৈধ উপায়ে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে মাদারীপুরের চরগোবিন্দপুর এলাকার যুবক মাসুম আকনকে লিবিয়ায় আটকে রেখে নির্যাতন ও হত্যার অভিযোগে মানবপাচারকারী চক্রের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী।

প্রায় ৩১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পরও সন্তানকে জীবিত উদ্ধার করতে না পেরে এখন লাশের অপেক্ষায় দিন গুনছেন এক বৃদ্ধা মা।​ শনিবার সকালে সদর উপজেলার খোয়াজপুরের মঠেরবার এলাকায় অভিযুক্ত দালাল সুমন সরদার, দেলোয়ার সরদার, সোহাগি বেগম ও সিমু আক্তারের বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী এক মানববন্ধনের আয়োজন করা হয়।

মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়,মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর এলাকার নিহত মাসুম আকনকে (২৫) বৈধ ভিসায় ইতালি পাঠানোর আশ্বাস দিয়ে ২৫ লাখ টাকায় চুক্তি করে স্থানীয় দালাল দেলোয়ার সরদার, তার স্ত্রী সোহাগী বেগম এবং সুমন সরদার।

চুক্তি অনুযায়ী পরিবারের কাছ থেকে ২১ লাখ টাকা নিয়ে ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর তাকে বিদেশে পাঠানো হয়। ইতালির কথা বলে তাকে সৌদি আরব ও মিশর হয়ে লিবিয়ার বন্দিশালায় আটকে রাখা হয়। মুক্তিপণ হিসেবে নড়াইলের একটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আরও ৯ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি।​

পরবর্তীতে আরও ৫ লাখ টাকা না পেয়ে মাসুমের ওপর অমানসিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ পরিবারের। মোট ৩০ লাখ ৯০ হাজার টাকা খুইয়ে এবং সন্তানকে হারিয়ে এখন তার লাশের অপেক্ষায় দিন গুনছেন মা কুট্টি বিবি। মানববন্ধনে বক্তারা অবিলম্বে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং মাসুমের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, মানবপাচার মামলায় দেলোয়ারসহ মোট তিনজনকে আমরা গ্রেফতার করেছি এবং মামলার বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button