‘হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক’

বাংলা টিভি ডেস্ক: বর্তমান তেল সংকটের মধ্যে বিপুল পরিমাণ জ্বালানি ব্যয় করে বিরোধী দলের লংমার্চ আয়োজনকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে চলমান যুদ্ধের প্রভাবে তেল সংকট তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে হাজার হাজার লিটার জ্বালানি ব্যবহার করে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি পালন কোনোভাবেই যৌক্তিক নয়।
তিনি অভিযোগ করে বলেন, জামাত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোট এর আগে ‘জান্নাতের টিকিট’ বিক্রির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেও সফল হয়নি। এখন তেল, বিদ্যুৎ ও সারসহ বিভিন্ন সংকটের কথা তুলে ধরে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পানিতে ডুবে শিশুদের মৃত্যু ঠেকাতে তাদের সাঁতার শেখানোর ওপর গুরুত্বারোপ করেন। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সামাজিকভাবে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা কে এম আব্দুল হালিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তাসহ সাঁতার প্রশিক্ষণার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।



