বাংলাদেশ

মেঘ-বৃষ্টির মধ্যেও মাঠ ছাড়েনি মানুষ, অপেক্ষা ‘আলমগীর স্যারের’ বক্তব্যের

বাংলা টিভি ডেস্ক: আকাশজুড়ে মেঘের ঘনঘটা। কখনো মেঘের গর্জন, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কিন্তু কোনো কিছুই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে অপেক্ষমাণ মানুষের আগ্রহে ভাটা ফেলতে পারেনি। কেউ দাঁড়িয়ে, কেউ বসে বৃষ্টিতে ভিজেই অপেক্ষা করছিলেন প্রিয় ‘আলমগীর স্যার’-এর বক্তব্য শোনার জন্য।

রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম সফরে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাছ থেকে দেখা এবং তাঁর বক্তব্য শোনার আগ্রহে রোববার দুপুরের পর থেকেই মাঠে ভিড় করতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দুই দিনের সরকারি সফরের অংশ হিসেবে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনাকে ঘিরে দুপুর থেকেই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে মানুষের উপস্থিতি বাড়তে থাকে।

রোববার দুপুর ১২টা ৫৮ মিনিটে হেলিকপ্টারে করে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেনসহ নাগরিক সংবর্ধনা কমিটির সদস্যরা তাঁকে স্বাগত জানান।

পরে দুপুর ১টা ১৫ মিনিটে জেলা সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করেন রাষ্ট্রপতি। এর ১০ মিনিট পর তিনি পৌর শহরের সেনুয়া কবরস্থানে যান। সেখানে মা-বাবার কবর জিয়ারত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরপর তিনি শহরের কালীবাড়ি এলাকায় নিজের বাড়িতে যান। সেখানে দুপুরের খাবার খেয়ে কিছু সময় বিশ্রাম নেন। পরে বিকেল ৩টার দিকে নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন।

এদিকে বিকেলের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবে বৃষ্টিকে উপেক্ষা করেই মাঠে অবস্থান করতে থাকেন মানুষ। কেউ ছাতা নিয়ে, আবার কেউ কোনো ধরনের আড়াল ছাড়াই বৃষ্টিতে ভিজে অপেক্ষা করেন রাষ্ট্রপতির বক্তব্য শোনার জন্য।

স্থানীয়দের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিচয় শুধু রাষ্ট্রপতি হিসেবে নয়; অনেকের কাছেই তিনি এখনো স্নেহের ‘আলমগীর স্যার’। রাষ্ট্রপতি হওয়ার পর নিজ শহরে তাঁর প্রথম আগমন হওয়ায় নাগরিক সংবর্ধনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে বাড়তি উচ্ছ্বাস ও আবেগ।

বিকেল সাড়ে ৪টার দিকে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button