বাংলাদেশ

১৪ লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ

বাংলা টিভি ডেস্ক: বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সারা দেশে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ নেওয়া ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চুয়াডাঙ্গা-২ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. রুহুল আমিনের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী জানান, ক্ষুদ্র ঋণগ্রহীতা এসব কৃষকের বকেয়া ঋণ ও সুদ মওকুফের পর ব্যাংকগুলোর প্রাপ্য হিসেবে মোট ১ হাজার ৩৫২ কোটি ৭৪ লাখ টাকা সরকার পরিশোধ করেছে।

তিনি আরও জানান, সরকারের এ ঋণ মওকুফ কর্মসূচির আওতায় দেশের সব উপজেলার কৃষকরা সুবিধা পেয়েছেন।

সংসদে চুয়াডাঙ্গা জেলার করদাতাদের সংখ্যা সম্পর্কিত আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে জেলায় টিআইএনধারী করদাতার সংখ্যা ৭২ হাজার ৪৬৩ জন। এর মধ্যে ২০২৫-২৬ করবর্ষে আয়কর রিটার্ন জমা দিয়েছেন ২১ হাজার ৫৬৭ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button