বাংলাদেশ

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর

বাংলা টিভি ডেস্ক: এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এবার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য বিপুলসংখ্যক আবেদন জমা পড়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে প্রায় পৌনে ১৩ লাখ উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন শিক্ষার্থীরা। বোর্ডগুলোর ঘোষণা অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বর এসব আবেদনের ফল প্রকাশ করা হবে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ লাখের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে ৪ লাখেরও বেশি পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। একজন শিক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সুযোগ পাওয়ায় পরীক্ষার্থীর সংখ্যার তুলনায় আবেদনের সংখ্যা অনেক বেশি হয়েছে।

এত বিপুল আবেদন জমা পড়ায় নির্ধারিত সময়ে ফল প্রকাশ করা সম্ভব হবে কি না, তা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। তবে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত সময় অনুযায়ী ১০ সেপ্টেম্বরই পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ১০ সেপ্টেম্বর ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আশা করা হচ্ছে, ওই দিনই শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। কোনো কারণে ফল প্রকাশে বিলম্ব হলে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময়ও প্রয়োজন অনুযায়ী বাড়ানো হবে।

গত ১১ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। ১৭ আগস্ট রাত পর্যন্ত আবেদন করার সুযোগ ছিল। এ সময়ের মধ্যে ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেন।

বোর্ডের তথ্য অনুযায়ী, লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি আবেদন জমা পড়ে। পাশাপাশি ব্যবহারিক পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭১টি।

সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এই বোর্ডে ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষার ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ৫৮ হাজার ১২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

এ ছাড়া কুমিল্লা বোর্ডে ৩৫ হাজারের বেশি, রাজশাহীতে ৩৯ হাজারের বেশি, যশোরে ২৮ হাজারের বেশি, চট্টগ্রামে ৩৯ হাজারের বেশি, বরিশালে ১৭ হাজারের বেশি, সিলেটে ২০ হাজারের বেশি, দিনাজপুরে ৩৭ হাজারের বেশি এবং ময়মনসিংহ বোর্ডে ২৭ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button