বিনোদন

আলহামদুলিল্লাহ, তিন নম্বর জন ডান: পরীমণি

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কাজ—বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন এই তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। মাঝেমধ্যেই সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্ত কিংবা নিজের জীবনের নানা খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেন পরীমণি।

সোমবার (৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবিতে একটি ছোট শিশুকে কোলে নিয়ে দেখা যায় তাকে। আর ছবির সঙ্গে দেওয়া তার ছোট্ট একটি ক্যাপশনই তৈরি করেছে নতুন কৌতূহল।

ছবির ক্যাপশনে পরীমণি লেখেন, ‘তিন নম্বর জন ডান। আলহামদুলিল্লাহ।’ এরপর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে—তবে কি আবারও মা হয়েছেন পরীমণি?

ছবিটি প্রকাশের পরপরই কমেন্ট বক্সে নানা প্রশ্ন করতে থাকেন নেটিজেনরা। তাদের কয়েকটি প্রশ্নের উত্তরও দিয়েছেন অভিনেত্রী। এক ভক্ত শিশুটি ছেলে নাকি মেয়ে জানতে চাইলে পরীমণি জানান, শিশুটি ছেলে।

আরেকজন মজা করে জানতে চান, ভবিষ্যতে আরও কতজন সন্তান নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। জবাবে পরীমণি রসিকতা করে বলেন, ‘আর ৯৭টা।’

শিশুদের প্রতি পরীমণির ভালোবাসার কথা অবশ্য নতুন নয়। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানদের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেছেন তিনি। সাক্ষাৎকারেও একাধিকবার জানিয়েছেন, অনেক সন্তানের মা হওয়ার ইচ্ছা রয়েছে তার।

এ কারণে নতুন ছবিটি ঘিরে অনেকের ধারণা, হয়তো তৃতীয় সন্তানও দত্তক নিয়েছেন এই অভিনেত্রী। এর আগে একটি কন্যাশিশুকে দত্তক নেওয়ার কথা জানিয়েছিলেন পরীমণি। তবে এবার কোলে থাকা শিশুটিকে নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানাননি তিনি।

প্রসঙ্গত, ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন পরীমণি। তাদের ঘরে একটি পুত্রসন্তান রয়েছে, যার নাম শাহীম মোহাম্মদ পূণ্য। ২০২৩ সালে শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর সন্তানকে একাই বড় করছেন তিনি। পরবর্তীতে একটি কন্যাশিশুকেও দত্তক নেন পরীমণি, যার নাম সাফিরা সুলতানা প্রিয়ম।

বর্তমানে সন্তানদের নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। অভিনয় জীবনেও ‘ভালোবাসা সীমাহীন’, ‘মহুয়া সুন্দরী’ ও ‘রক্ত’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button