প্রথমবারের মতো সব সরকারি চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা, কোন গ্রেডে কত

বাংলা টিভি ডেস্ক: নতুন জাতীয় বেতনস্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের সব গ্রেডকেই প্রথমবারের মতো মোবাইল ভাতার আওতায় আনা হবে। বর্তমানে প্রথম থেকে পঞ্চম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীরা এ সুবিধা পেলেও নতুন বেতনস্কেলে তা ২০তম গ্রেড পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি দাপ্তরিক কাজের ক্ষেত্রে মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যবহার দিন দিন বাড়ায় সব স্তরের কর্মচারীর প্রয়োজন বিবেচনা করে এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ৩১ আগস্ট অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয়ের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে মোবাইল ভাতার আওতা বাড়ানোর বিষয়টি জানানো হয়।
বর্তমান কাঠামো অনুযায়ী, প্রথম থেকে তৃতীয় গ্রেডের কর্মকর্তারা মাসে ১ হাজার ৫০০ টাকা এবং চতুর্থ ও পঞ্চম গ্রেডের কর্মকর্তারা ১ হাজার টাকা করে মোবাইল ভাতা পান।
জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সুপারিশে ষষ্ঠ থেকে দশম গ্রেডের জন্য মাসিক ৫০০ টাকা এবং ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ৪০০ টাকা মোবাইল ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। সে অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেডে ১ হাজার ৫০০ টাকা, চতুর্থ-পঞ্চম গ্রেডে ১ হাজার টাকা, ষষ্ঠ-দশম গ্রেডে ৫০০ টাকা এবং ১১তম-২০তম গ্রেডে ৪০০ টাকা দেওয়ার কথা ছিল।
কমিশনের প্রস্তাবিত হারে ভাতা বাস্তবায়ন করা হলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও করপোরেশন বাদে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় প্রায় ৬০৬ কোটি টাকা দাঁড়াতে পারত।
তবে সচিব কমিটি সব গ্রেডের কর্মচারীকে ভাতার আওতায় রাখার বিষয়ে একমত হলেও ভাতার পরিমাণ কমানোর সুপারিশ করেছে। কমিটির প্রস্তাব অনুযায়ী, প্রথম থেকে পঞ্চম গ্রেডের কর্মচারীরা মাসে ৫০০ টাকা এবং ষষ্ঠ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ১৫০ টাকা করে মোবাইল ভাতা পাবেন।
সচিব কমিটির এক কর্মকর্তা বলেন, সরকারি দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে এখন প্রায় সব স্তরের কর্মচারীকেই মোবাইল ফোন ব্যবহার করতে হয়। ফলে সব গ্রেডকে ভাতার আওতায় আনা যৌক্তিক। তবে সরকারের অতিরিক্ত ব্যয়ের বিষয়টি বিবেচনা করেই ভাতার হার পুনর্নির্ধারণের প্রয়োজন হয়েছে।
ধাপে ধাপে কার্যকর হবে নতুন বেতনস্কেল
জাতীয় বেতনস্কেল ২০২৬ আগামী ১ জুলাই থেকে পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর্থিক ব্যয় এবং মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনা করে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে।
নতুন বেতনস্কেলের আওতায় প্রায় ২৪ লাখ সামরিক ও বেসামরিক সরকারি কর্মচারী সুবিধা পাবেন। পাশাপাশি প্রায় সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী এবং অন্যান্য যোগ্য সুবিধাভোগীও এর আওতায় আসবেন।
বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য নতুন ভাতা
নতুন বেতনস্কেলে সরকারি কর্মচারীদের জন্য আরও কিছু নতুন সুবিধা যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসিক ভাতা।
সিদ্ধান্ত অনুযায়ী, কোনো সরকারি কর্মচারীর বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে প্রতি সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। এটি নতুন বেতনস্কেলের অন্যতম নতুন সুবিধা হিসেবে যুক্ত হচ্ছে।



