বাংলাদেশ

প্রবাসী টার্গেট করা প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি( ডিজিটাল): নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমো অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণার অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে লালপুর থানার অমরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লালপুর উপজেলার অমরপুর গ্রামের মো. শাহরিয়ার নাদিম বাপ্পী (২০), রাজশাহীর বাঘা উপজেলার মো. নাহিদ হাসান জীবন (২১) এবং ১৬ বছর বয়সী এক কিশোর।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই মো. মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অমরপুর এলাকার একটি টিনশেড বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মেসেজিং অ্যাপের অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণার কাজে জড়িত অবস্থায় তিনজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে জব্দ করা দুটি মোবাইল ফোন প্রতারণার কাজে ব্যবহার করা হতো।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় লালপুর থানায় মামলা করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার তিনজনকে সোমবার (৭ সেপ্টেম্বর) আদালতে হাজির করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button