বোনকে মারধর, দুই হাতে হাঁসুয়া নিয়ে দুলাভাইকে কোপাতে হাসপাতালে শ্যালক

বাংলা টিভি ডেস্ক: বোনকে মারধরের অভিযোগে হাসপাতালে চিকিৎসাধীন দুলাভাইকে কোপাতে জয়পুরহাট জেনারেল হাসপাতালের পুরুষ ওয়ার্ডে দুই হাতে দুটি হাঁসুয়া নিয়ে ঢুকে পড়েন এক যুবক। তবে হামলা করার আগেই রোগীর স্বজনরা তাকে ধরে ফেলেন। পরে পুলিশ এসে তাকে আটক করে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। আটক শাকিল আহাম্মেদ (২৮) কালাই উপজেলার ছত্রগ্রামের বাসিন্দা। তার দুলাভাই মিনহাজুল ইসলাম ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে মিনহাজুল ইসলাম ও তার স্ত্রী সুরাইয়া বেগমের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এর পরদিন শনিবার বিষপান করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মিনহাজুল।
শাকিলের অভিযোগ, তার দুলাভাই প্রায়ই তার বোনকে মারধর করতেন। ঘটনার দিনও বোনকে মারধর করা হয়েছে বলে খবর পান তিনি। এতে ক্ষুব্ধ হয়ে মিনহাজুলকে কোপানোর উদ্দেশ্যে দুটি হাঁসুয়া নিয়ে হাসপাতালে যান শাকিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই হাতে হাঁসুয়া নিয়ে শাকিলকে হাসপাতালের ভেতরে প্রবেশ করতে দেখে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তিনি পুরুষ ওয়ার্ডে গিয়ে চিকিৎসাধীন মিনহাজুলের দিকে এগিয়ে গেলে সেখানে থাকা কয়েকজন স্বজন তাকে ধরে ফেলেন।
পরে তার কাছ থেকে দুটি হাঁসুয়া নিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। সন্ধ্যা ৬টার দিকে জয়পুরহাট সদর থানার এসআই ইমরান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে শাকিলকে আটক করে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় সোমবার সকালে সদর থানার এসআই শাহজাহান আলী বাদী হয়ে শাকিল আহাম্মেদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।



