বাংলাদেশ

হলুদ-মরিচ গুঁড়ো করার মেশিনে লুঙ্গি পেঁচিয়ে ব্যবসায়ীর মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: ফেনী শহরের মুক্ত বাজার এলাকায় হলুদ-মরিচ গুঁড়ো করার মেশিনে লুঙ্গি পেঁচিয়ে নুরুল ইসলাম ছোট্টু (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মুক্ত বাজার এলাকায় নিজের প্রতিষ্ঠান ‘হযরত শাহজালাল ক্রাসিং মিলে’ এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম ছোট্টু ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি মুক্ত বাজার এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঘটনার সময় হঠাৎ ছোট্টুর চিৎকার শুনতে পান তারা। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে মেশিনের সঙ্গে গুরুতর অবস্থায় আটকে থাকতে দেখেন। বিষয়টি পরিবারের সদস্য ও পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

পরে ফেনী মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো সোমবারও ছোট্টু বাড়ি থেকে ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্দেশ্যে বের হন। তবে সেদিন তিনি প্যান্টের পরিবর্তে লুঙ্গি পরেছিলেন এবং নিজের মোটরসাইকেলের বদলে ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় কর্মস্থলে যান। দুপুরের দিকে স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে তারা দুর্ঘটনার খবর পান।

ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম জানান, মেশিনে লুঙ্গি পেঁচিয়ে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button