গ্রাম বাংলাদেশবাংলা

মাদক সেবনের অভিযোগে বিএনপির দুই নেতা কারাগারে

চাঁদপুর (ডিজিটাল) প্রতিনিধি: চাঁদপুরে মাদকের সঙ্গে সম্পৃক্ততা ও সেবনের অভিযোগে স্থানীয় বিএনপির দুই নেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​আটককৃতরা হলেন- চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মজিব গাজীর ছেলে ভুট্টু গাজী। তিনি ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি। আরেকজন হলেন চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান রোড এলাকার মৃত মহিন শেখের ছেলে সুজন শেখ। তিনি ৮নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি।

চাঁদপুর সদর থানা অফিসার ইনচার্জ মো. ফয়েজ আহম্মেদ জানান, চাঁদপুর পুলিশ সুপারের নির্দেশনায় সদর মডেল থানা ও ডিবি পুলিশের একটি যৌথ দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় তাদের আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে হাসপাতালে ডোপ টেস্ট করা হলে দুজনেরই রিপোর্ট পজিটিভ আসে। মাদক সেবনের প্রাথমিক প্রমাণ ও ডোপ টেস্টে পজিটিভ আসায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

​এদিকে দলীয় নেতাকর্মীদের আটকের বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের কোনো স্তরের নেতাকর্মীর বিরুদ্ধে মাদকের সঙ্গে সম্পৃক্ততা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধে কাউকেও বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

​চাঁদপুর জেলায় চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই যৌথ অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button