পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় পারিবারিক কলহের জেরে রানু বেগম (৩৫) নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার পাঁকা ইউনিয়নের স্বরাপপুর গ্রামে নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
রানু বেগম ওই গ্রামের রিপন সরদারের স্ত্রী এবং রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী যৈত্রীকূল গ্রামের আব্দুর রহমানের মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে রানু বেগম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানা গেছে। প্রায় দেড় বছর আগে রানুর স্বামী রিপন সরদার তৃতীয় বিয়ে করেন। এরপর তৃতীয় স্ত্রীও একই বাড়িতে বসবাস করছিলেন। দুই স্ত্রীর জন্য আলাদা বাড়ি তৈরি করে দেওয়া নিয়ে রানুর সঙ্গে স্বামীর প্রায়ই ঝগড়া-বিবাদ হতো বলে স্থানীয়রা জানিয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিয়ে রানু বেগম নিজের শোবার ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। রাত ৭টা পেরিয়ে গেলেও সে ঘর থেকে বের নাই। পরে তাকে বাড়ির লোকজন ডাকাডাকি করতে থাকে। এরপর তারা জানালা দিয়ে তাকে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশে খবর দেয়।
বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (ভারপ্রাপ্ত ওসি) ম. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে রানু বেগম আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।



